সরকারি শিশু শিক্ষা কেন্দ্রের রান্নাঘরের ক্ষমতা দখলের লড়াইকে কেন্দ্র করে রাঁধুনির হাতে খুন অপর এক রাঁধুনি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পূর্ব লহন্ডা গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, ওই বিদ্যালয়ের দুই রাঁধুনি শ্যামা দাস ও রীতা দাসের মধ্যে রান্না ঘরের ক্ষমতা দখল নিয়ে দীর্ঘদিন থেকে বচসা চলছিল। সোমবার সকালেও তারা ফের নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পরেন। অভিযোগ, বচসা তীব্র আকার ধারণ করতেই রীতা দাস রান্নার জন্য ব্যবহৃত খড়ি দিয়ে শ্যামা দাসের মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর স্থানীয় লোকজন ও ওই শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের তৎপরতায় রায়গঞ্জ জেলা হাসপাতালে শ্যামা দাসকে নিয়ে এলে চিকিৎসারত অবস্থায় প্রাণ ত্যাগ করেন তিনি।
ওই এস.এস.কে এর প্রধান শিক্ষিকা গীতা দাস বর্মন জানিয়েছেন, ঘটনার সময় স্কুলেই ছিলেন তিনি। রাঁধুনিরা ছিল রান্না ঘরে। ক্ষমতা দখল নিয়ে দুজনের বিরোধ ছিল দীর্ঘদিনের। আজকেও তেমনি এক বিবাদকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। এই বিষয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান গীতা দেবী।
মৃতার স্বামী তারক দাস বলেন, রীতা আগে থেকেই এস.এস.কে-তে রান্নার কাজ করলেও তাঁর স্ত্রী শ্যামা কয়েক মাস হলো এই কাজ পেয়েছিলেন। সেই থেকেই শ্যামার ওপর রাগ রীতার। গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে হাসপাতালে আনলেও বাঁচানো সম্ভব হয়নি বলে জানান তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।